রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্যাথলজি বিভাগে অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অভিযোগের সত্যতা যাচাই করতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন। এ সময় হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়। চিকিৎসাসেবা প্রদান, রোগীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন বিভাগে ব্যবস্থাপনা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়েও খোঁজখবর নেয় দুদকের কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি করা, বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্যাথলজি বিভাগে অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানের আগে দুদকের দুই সদস্য সাধারণ রোগীর বেশে হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। পরে দুদকের চার সদস্যের দল আনুষ্ঠানিকভাবে হাসপাতালে গিয়ে বিভিন্ন ইউনিট পরিদর্শন ও নথিপত্র যাচাই করে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুদকের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের মধ্যে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা, বিভিন্ন পর্যায়ে হয়রানি, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ প্রায়ই সামনে আসে।
দুদকের অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে কী তথ্য পাওয়া গেছে, তা যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেকে/সাশ