ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, গত সোমবার (৩১ আগস্ট) সকালে ৪৪ বছর বয়সী ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করেন। চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এলে আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। পরে তাকে গ্রেপ্তার করে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ।
তবে ভুক্তভোগী ওই নারী ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ করেছেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, “চলন্ত ট্রেনের ক্যান্টিনে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর যাত্রীরা ক্যান্টিন বয়কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।”
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকের পাশাপাশি অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রত্যাহার করা চার পুলিশ সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ