ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের পাশাপাশি সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি নতুন করে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ সময় অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
কেকে/সাশ