গরমের তীব্রতায় যখন শরীর-মন দুটিই চাইছে একটু প্রশান্তি, তখন ঠান্ডা ও মিষ্টি স্বাদের কোনো খাবার হতে পারে দারুণ এক স্বস্তি। এমন দিনে স্বাদ ও সতেজতার মেলবন্ধনে টেবিলে জায়গা করে নিতে পারে ঠান্ডা টার্ট। মচমচে বেসের সঙ্গে ক্রিমি ও ঠান্ডা ফিলিং, তার ওপর টাটকা ফলের স্বাদ—সব মিলিয়ে এক টুকরো টার্টই এনে দিতে পারে গরমের মধ্যে শীতল অনুভূতি। বিকেলের আড্ডা কিংবা দুপুরের খাবারের পর মিষ্টিমুখ—দুই ক্ষেত্রেই ঠান্ডা টার্ট হতে পারে সহজেই মন ভালো করে দেওয়ার মতো একটি আয়োজন।
ঠান্ডা টার্ট তৈরিতে যা লাগবে
বেসের জন্য যা যা লাগবে: বিস্কুটের গুঁড়া—২ কাপ, গলানো মাখন—অর্ধেক কাপ, চিনি—২ টেবিল চামচ
ফিলিংয়ের জন্য: হুইপিং ক্রিম—১ কাপ, ক্রিম চিজ—২০০ গ্রাম, আইসিং সুগার—আধা কাপ, ভ্যানিলা এসেন্স—১ চা চামচ, লেবুর রস—১ টেবিল চামচ
উপরের সাজানোর জন্য: স্ট্রবেরি, আম, কিউই বা পছন্দের যেকোনো টাটকা ফল, সামান্য মধু বা ফলের জ্যাম
যেভাবে তৈরি করবেন
প্রথমে বিস্কুটের গুঁড়ার সঙ্গে গলানো মাখন ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি টার্ট মোল্ডে ঢেলে চামচ বা গ্লাসের তলা দিয়ে ভালোভাবে চেপে সমান করে দিন। এরপর ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে বেসটি শক্ত হতে দিন।
এবার একটি বাটিতে ক্রিম চিজ ও আইসিং সুগার নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। অন্য পাত্রে হুইপিং ক্রিম ফেটিয়ে নরম পিক তৈরি করুন। এরপর ক্রিম চিজের মিশ্রণের সঙ্গে হুইপড ক্রিম, ভ্যানিলা এসেন্স ও লেবুর রস আলতোভাবে মিশিয়ে নিন।
ফ্রিজ থেকে বিস্কুটের বেস বের করে তার ওপর তৈরি করা ক্রিমের মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। ওপরে পছন্দের টাটকা ফল দিয়ে সাজিয়ে নিন। চাইলে সামান্য মধু বা ফলের জ্যামও দেওয়া যেতে পারে।
সবশেষে টার্টটি অন্তত ৪-৫ ঘণ্টা, সম্ভব হলে সারা রাত ফ্রিজে রেখে দিন। ভালোভাবে সেট হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
পরিবেশনের আগে
টার্ট পরিবেশনের ৫-১০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করলে স্বাদ ও টেক্সচার আরও ভালো লাগে। গরমের দিনে এক কাপ ঠান্ডা পানীয় বা লেবুর শরবতের সঙ্গে পরিবেশন করলে জমে উঠবে বিকেলের আড্ডা।
কেকে/সাশ