রাষ্ট্রের ভাগ্য শুধু ভূগোল নির্ধারণ করে না; তবে ভূগোল তার সম্ভাবনা, সীমাবদ্ধতা ও কৌশলগত সুযোগের কাঠামো তৈরি করে। কোনো রাষ্ট্র সেই সুযোগকে অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তার সক্ষমতায় রূপান্তর করতে পারবে কি না, তা নির্ভর করে তার নীতি, প্রতিষ্ঠান, অবকাঠামো ও নেতৃত্বের ওপর। ইতিহাসে এমন বহু রাষ্ট্রের দৃষ্টান্ত রয়েছে, যারা সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়েও নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক বা বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে। আবার গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও দূরদর্শিতার অভাবে অনেক রাষ্ট্র অন্যদের কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে।
বাংলাদেশ আজ এমন এক ভূ-রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে তার অবস্থান একই সঙ্গে সম্ভাবনা ও চ্যালেঞ্জের উৎস। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী একটি স্বাভাবিক সংযোগভূমি। পশ্চিমে ভারত, পূর্বে মিয়ানমার, উত্তরে হিমালয়-সংলগ্ন বিস্তৃত অঞ্চল এবং দক্ষিণে ভারত মহাসাগরীয় জলপথ— এই ভূ-প্রেক্ষাপট দেশটিকে শুধু একটি ভৌগোলিক সত্তা হিসেবে নয়, বরং আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও সামুদ্রিক কর্মকাণ্ডের সম্ভাব্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে।
বাংলাদেশের গুরুত্ব বোঝার ক্ষেত্রে বঙ্গোপসাগর এবং এর উত্তরাঞ্চলীয় স্থলভূমিকে একই কৌশলগত পরিসরের অংশ হিসেবে দেখা প্রয়োজন। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার সঙ্গে বঙ্গোপসাগরের সরাসরি সংযোগ বাংলাদেশের অর্থনীতি, জনবসতি, কৃষি, নৌপরিবহন ও বন্দরব্যবস্থাকে প্রভাবিত করেছে। একই সঙ্গে এই অবস্থান ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মিয়ানমার, নেপাল, ভতান, চীনের ইউনান প্রদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছে।
প্রচলিত ভূরাজনৈতিক চিন্তায় ভূখণ্ডের গুরুত্ব অনেক সময় সামরিক নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে যুক্ত করা হতো। হলফোর্ড ম্যাকিন্ডারের ‘হার্টল্যান্ড তত্ত্ব’ ইউরেশিয়ার কেন্দ্রভাগের নিয়ন্ত্রণকে বিশ্বশক্তির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেছিল। পরে নিকোলাস স্পাইকম্যান ইউরেশিয়ার উপকূলীয় ‘রিমল্যান্ড’ অঞ্চলের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, উপকূলঘেঁষা অঞ্চলগুলো নিয়ন্ত্রণ বা প্রভাবের আওতায় আনতে পারলে বাণিজ্য, নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করা সম্ভব।
একবিংশ শতাব্দীর বাস্তবতা স্পাইকম্যানের বিশ্লেষণকে নতুন মাত্রা দিয়েছে। এখন ভূখণ্ডের কৌশলগত মূল্য কেবল সামরিক অবস্থানের ওপর নির্ভর করে না; সমুদ্রপথ, বন্দর, জ্বালানি পরিবহন, সরবরাহ শৃঙ্খল, ডিজিটাল অবকাঠামো এবং আন্তঃদেশীয় যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। বঙ্গোপসাগর এই বৃহত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর বাংলাদেশ তার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র।
এই বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর আগ্রহ বাড়ছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশলগত অগ্রাধিকার এক নয়; তবু সমুদ্রপথ, বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বঙ্গোপসাগরের গুরুত্ব সবাই স্বীকার করে। তাই বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আগ্রহ কোনো সাময়িক কূটনৈতিক প্রবণতা নয়; এটি পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির দীর্ঘমেয়াদি প্রতিফলন।
বাংলাদেশের অন্যতম বড় সুযোগ হলো আঞ্চলিক সংযোগ। ভারতের উত্তর-পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে মূল ভারতের সঙ্গে ভৌগোলিক বিচ্ছিন্নতার সমস্যায় রয়েছে। বাংলাদেশ হয়ে সড়ক, রেল, নৌ ও বন্দরভিত্তিক যোগাযোগ উন্নত হলে ওই অঞ্চলের সঙ্গে ভারতের অন্যান্য অংশের সংযোগ সহজ হতে পারে। একইভাবে নেপাল, ভতান, মিয়ানমার ও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই কারণে বাংলাদেশকে ‘সংযোগ রাষ্ট্র’ হিসেবে ভাবা যায়। সংযোগ রাষ্ট্র বলতে এমন দেশকে বোঝায়, যার অবস্থান একাধিক অঞ্চল, বাজার ও উৎপাদনব্যবস্থার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। তবে এই সম্ভাবনা বাস্তবায়নের জন্য শুধু ভৌগোলিক অবস্থান যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ সমুদ্র ও স্থলবন্দর, নির্ভরযোগ্য সড়ক ও রেল যোগাযোগ, অভ্যন্তরীণ নৌপথের আধুনিকীকরণ, দ্রুত ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা, সমন্বিত লজিস্টিকস অবকাঠামো, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, নিরাপদ ডিজিটাল যোগাযোগ, দক্ষ মানবসম্পদ এবং বিনিয়োগবান্ধব নীতিমালা।
এসব ব্যবস্থা সমন্বিতভাবে গড়ে উঠলে বাংলাদেশ কেবল পণ্য পরিবহনের ট্রানজিটপথ থাকবে না; বরং গুদামজাতকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, সরবরাহ ব্যবস্থাপনা ও শিল্প উৎপাদনের কেন্দ্র হয়ে উঠতে পারে। এতে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পায়নের সুযোগ বাড়বে। তবে ট্রানজিট সুবিধা যেন শুধু অন্য দেশের পণ্য পরিবহনে সীমাবদ্ধ না থাকে, সে জন্য দেশীয় শিল্প, অর্থনৈতিক অঞ্চল ও উৎপাদনব্যবস্থার সঙ্গে যোগাযোগ অবকাঠামোর কার্যকর সমন্বয় করতে হবে।
বাংলার সামুদ্রিক ও বাণিজ্যিক গুরুত্ব নতুন কোনো ঘটনা নয়। প্রাচীন ও মধ্যযুগে বাংলার নদীবন্দর ও উপকূলীয় বন্দরগুলো ভারত মহাসাগরীয় বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। আরব, পারস্য, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়ীরা বাংলার সঙ্গে বাণিজ্য করতেন। মসলিন, রেশম, নীল, মসলা, ধাতবপণ্য ও কৃষিজ পণ্য বিভিন্ন অঞ্চলে রপ্তানি হতো। বাংলার সমৃদ্ধির পেছনে উর্বর ভূমির পাশাপাশি নদীপথ, সমুদ্রসংযোগ ও আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
অতীতের সেই বাণিজ্যিক সংযোগ আজ নতুন প্রযুক্তি ও অবকাঠামোর মাধ্যমে আরও বিস্তৃত করা সম্ভব। আগে যেখানে নৌবাণিজ্য ছিল প্রধান মাধ্যম, এখন সড়ক, রেল, সমুদ্র, আকাশ ও ডিজিটাল নেটওয়ার্ককে একত্র করে বহুমাত্রিক সংযোগব্যবস্থা গড়ে তোলা যায়। এই রূপান্তরের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্থিতিশীল নীতি এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ধারাবাহিক সহযোগিতা।
সমুদ্রের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে আলফ্রেড থেয়ার মাহান দেখিয়েছিলেন, বন্দর, নৌবাণিজ্য ও সমুদ্রপথের ওপর দক্ষতা একটি রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বাড়াতে পারে। বর্তমান বিশ্বে তার বিশ্লেষণ আরও প্রাসঙ্গিক, কারণ বৈশ্বিক পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ ও শিল্পের কাঁচামালের বড় অংশ সমুদ্রপথনির্ভর। বাংলাদেশের জন্য তাই সমুদ্রনীতি শুধু প্রতিরক্ষা বা বন্দর ব্যবস্থাপনার বিষয় নয়; এটি জাতীয় উন্নয়ন কৌশলেরও অংশ।
সমুদ্রসীমা নির্ধারণের পর বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজেডের বিস্তৃতি দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। মৎস্যসম্পদ, সামুদ্রিক খনিজ, অফশোর জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ ও মেরামত, সমুদ্রভিত্তিক পর্যটন এবং সামুদ্রিক জীবপ্রযুক্তি— এসব খাত ভবিষ্যতে অর্থনীতিতে অবদান রাখতে পারে।
তবে নীল অর্থনীতির বিকাশকে অবশ্যই পরিবেশগত স্থায়িত্বের সঙ্গে যুক্ত করতে হবে। অতিরিক্ত মৎস্য আহরণ, সামুদ্রিক দূষণ, উপকূলীয় ক্ষয়, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের সংকট উপেক্ষা করলে সমুদ্রসম্পদ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রয়োজন সমুদ্র গবেষণা, তথ্যভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকার প্রতি দায়িত্বশীল নীতি।
বিশ্ব অর্থনীতি ও কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্র ক্রমেই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ ধারণা— সবই এই অঞ্চলের গুরুত্বকে প্রতিফলিত করে। বাংলাদেশকে এই প্রতিযোগিতায় কোনো পক্ষের অনুসারী না হয়ে নিজের স্বার্থের ভিত্তিতে অংশ নিতে হবে।
অবকাঠামো, বন্দর, জ্বালানি, প্রযুক্তি, বাণিজ্য ও নিরাপত্তা— প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা গ্রহণের সময় অর্থনৈতিক সুফল, ঋণের শর্ত, পরিবেশগত প্রভাব, নিরাপত্তা ঝুঁকি ও সার্বভৌম সিদ্ধান্তের সক্ষমতা বিবেচনা করা জরুরি। এখানেই ‘কৌশলগত স্বায়ত্তশাসন’-এর গুরুত্ব। এর অর্থ কোনো শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়; বরং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের অগ্রাধিকার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করা। বাংলাদেশের জন্য ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বহুমুখী অর্থনৈতিক অংশীদারত্ব এবং জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতি এ ক্ষেত্রে কার্যকর পথ হতে পারে।
চীনের প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর আঞ্চলিক যোগাযোগের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশ, মিয়ানমার ও বাংলাদেশের বন্দরগুলোর মধ্যে সড়ক, রেল, নৌ ও বাণিজ্যিক যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। এর ফলে আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও বহুমাত্রিক পরিবহনব্যবস্থা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। প্রস্তাবটি বর্তমানে বাংলাদেশের পর্যালোচনাধীন; সরকার এখনো এতে চূড়ান্ত অবস্থান নেয়নি। মিয়ানমারের রাখাইন অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা এ ধরনের স্থলসংযোগের জন্য গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই করিডরকে কেবল একটি অবকাঠামো প্রকল্প হিসেবে দেখা উচিত নয়। এর সঙ্গে জড়িত থাকবে বন্দরব্যবহার, সীমান্ত নিরাপত্তা, শুল্কনীতি, ঋণ ও বিনিয়োগের শর্ত, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। তাই কোনো প্রকল্প গ্রহণের আগে স্বচ্ছ অর্থনৈতিক মূল্যায়ন, পরিবেশগত সমীক্ষা, নিরাপত্তা বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ প্রয়োজন।
বাংলাদেশের উচিত- প্রতিটি সংযোগ প্রকল্পকে জাতীয় সংযোগ-কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা। কোনো একটি দেশের অর্থায়ন বা কোনো একটি নির্দিষ্ট করিডরের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি না করে বিকল্প বাণিজ্যপথ, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমন্বিত কাঠামো গড়ে তোলা দরকার। একই সঙ্গে প্রকল্পগুলোর পরিচালনা, ঋণ পরিশোধ, রাজস্ব ভাগাভাগি ও নিরাপত্তা-সংক্রান্ত শর্ত জনস্বার্থের আলোকে নির্ধারণ করা জরুরি।
বাংলাদেশের ভৌগোলিক সুবিধাকে জাতীয় শক্তিতে রূপান্তর করতে হলে বন্দর, রেল, সড়ক, নৌপথ ও স্থলবন্দরের মধ্যে সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে। কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য খালাসের সময় কমাতে হবে। চট্টগ্রাম, মোংলা ও সম্ভাব্য গভীর সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় শিল্প, গুদামজাতকরণ ও মূল্য সংযোজনের ব্যবস্থা করতে হবে। মিয়ানমার ও ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা, মানবিকতা ও সার্বভৌমত্বের বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। পাশাপাশি নীল অর্থনীতির জন্য সামুদ্রিক গবেষণা, পরিবেশ সুরক্ষা ও দক্ষ মানবসম্পদে বিনিয়োগ জরুরি।
এসব উদ্যোগ বিচ্ছিন্নভাবে গ্রহণ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। প্রয়োজন এমন একটি জাতীয় সংযোগ-কৌশল, যেখানে বন্দর, সীমান্ত, শিল্পাঞ্চল, জ্বালানি, ডিজিটাল নেটওয়ার্ক, পরিবেশ ও মানবসম্পদকে একই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হবে। অবকাঠামো তখনই অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়, যখন তা উৎপাদন, বিনিয়োগ, বাজার ও দক্ষতার সঙ্গে যুক্ত থাকে।
বাংলাদেশের ভূগোল তাকে একটি অনন্য সম্ভাবনা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে হিমালয় এবং দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া— এই বিস্তৃত পরিসরে বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে, যা আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অবস্থান নিজে কোনো সাফল্যের নিশ্চয়তা দেয় না। সুশাসন, অবকাঠামো, দক্ষ প্রতিষ্ঠান, পরিবেশগত দায়িত্ব, ভারসাম্যপূর্ণ কূটনীতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই সুবিধা কাজে লাগানো সম্ভব নয়।
বাংলাদেশকে তাই নিজের ভূগোলকে প্রশাসনিক সীমারেখা হিসেবে নয়, জাতীয় কৌশলগত সম্পদ হিসেবে দেখতে হবে। এর অর্থ হলো— বন্দরকে শুধু পণ্য ওঠানামার স্থান না ভেবে শিল্প ও সরবরাহব্যবস্থার কেন্দ্র করা; সীমান্তকে শুধু নিরাপত্তার রেখা না ভেবে বৈধ বাণিজ্য ও যোগাযোগের প্রবেশদ্বারে পরিণত করা; আর সমুদ্রকে শুধু জলসীমা না ভেবে অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার সমন্বিত ক্ষেত্র হিসেবে বিবেচনা করা।
ভূগোল ভাগ্য নির্ধারণ করে না; কিন্তু দূরদর্শী রাষ্ট্রনীতি ভূগোলকে ইতিহাসের শক্তিতে রূপান্তর করতে পারে। বাংলাদেশের সামনে এখন সেই সুযোগই উন্মুক্ত। জাতীয় স্বার্থ, আঞ্চলিক সহযোগিতা ও কৌশলগত স্বায়ত্তশাসনের ভিত্তিতে এগোতে পারলে বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত এই ভূ-পরিসরে বাংলাদেশ একটি কার্যকর সংযোগকেন্দ্র, সামুদ্রিক অর্থনীতির অংশীদার এবং আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
লেখক : ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য
কেকে/সাশ