চট্টগ্রামের ফটিকছড়িতে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে। পাইন্দং ইউনিয়নে প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং সুন্দরপুরে মন্দিরে চুরির পর এবার লেলাং ইউনিয়নের একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার দারগ আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেনের বড় ভাই এবং বিবিরহাট বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের ঘরে চুরি করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে। পরে ঘরের তালা ভেঙে আলমিরা থেকে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায় তারা।
লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, ‘গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে চোরেরা ঘরে ঢুকে আলমিরার তালা ভেঙে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ঘরের জিনিসপত্রও এলোমেলো করে রেখে গেছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘চুরির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা নিয়ে যায় চোরেরা।
এ ছাড়া শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে পাইন্দং ইউনিয়নের যুগিনীঘাটা এলাকায় নুরুল আলম ফরম্যানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের জিম্মি করে সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চুরি-ডাকাতির আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
কেকে/সাশ