কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় রোকেয়া বেগম (৫৬) নামের নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাসোনা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক পার হওয়ার সময় এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, নিহত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কেকে/এআই