মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রাতের অন্ধকারে ভিক্টোরিয়া স্কুল মাঠের গ্যালারি ও পেছনের এলাকায় কয়েকজন কিশোর-তরুণকে আড্ডারত অবস্থায় পাওয়া গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তারা নৈশকালীন পরিচ্ছন্নতা কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের সময় তাদের সেখানে আড্ডা দিতে দেখতে পান।
প্রশাসন সূত্রে জানা যায়, ওই কিশোর-তরুণদের কয়েকজনের হাতে মোবাইল ফোন ছিল। সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের রাতে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “কাউকে হয়রানি না করে ভবিষ্যতে রাতে এমন অন্ধকার স্থানে অবস্থান না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। কয়েকজন বিষয়টি বুঝতে পেরে ভবিষ্যতে আর রাতে এভাবে অবস্থান না করার প্রতিশ্রুতি দিয়েছে।”
ইউএনও আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর-তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যতের প্রতি মনোযোগী করে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাতে শিক্ষার্থী ও কিশোরদের অপ্রয়োজনে বাইরে না থেকে নিরাপদ পরিবেশে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।”
পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
কেকে/সাশ