বাণিজ্যযুদ্ধের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইরান ইস্যুতে উত্তেজনা নিয়ন্ত্রণের লক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌছান।
ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রানওয়েতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানের সঙ্গে করমর্দন করেন। এ সময় সামরিক সম্মান প্রদর্শনকারী একটি দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। পাশাপাশি ছয়টি এফ-২২ ও ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান রাখা হয়। দুটি বি-১ বোমারু বিমানের ফ্লাইপাস্টও অনুষ্ঠিত হয়।
কয়েক দশক আগে একজন পোপ ছাড়া অন্য কোনো বিদেশি নেতাকে যে ধরনের ব্যক্তিগত বিমানবন্দর অভ্যর্থনা দেওয়া হয়েছিল, তার পর এবারই প্রথম এমন অভ্যর্থনা পেলেন কোনো বিদেশি নেতা। এক দশকেরও বেশি সময় পর ওয়াশিংটনে এটি শি জিনপিংয়ের প্রথম রাষ্ট্রীয় সফর।
বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুই দেশের শীর্ষ নেতার বৈঠক ও রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজের আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ওয়াশিংটন ও বেইজিং তাদের বাণিজ্যযুদ্ধের যুদ্ধবিরতির মেয়াদ ১০ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত করেছে।
বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়েও প্রাথমিক যোগাযোগের পথ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার দুই নেতা বৈঠকে বসলে বাণিজ্যিক পদক্ষেপ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অনিয়ন্ত্রিত প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এসব বিষয় আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ‘বিভিন্ন ধরনের চুক্তি’ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের হার সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত উঠেছিল, পরে তা কমানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত রাষ্ট্রীয় ভোজে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও নির্বাহীদের মধ্যে টিম কুক, ইলন মাস্ক, জেনসেন হুয়াং ও স্যাম অল্টম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে।
শুক্রবার জাতীয় আর্কাইভস পরিদর্শনের মধ্য দিয়ে শি জিনপিংয়ের তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
কেকে/সাশ