জয়পুরহাটের ক্ষেতলালে মুসরিকা নাসরিন মিতু (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুসরিকা নাসরিন মিতু একই গ্রামের সোয়াইব ইসলাম শুভর (১৮) স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের পর সোয়াইব ইসলাম শুভ ও মুসরিকা নাসরিন মিতুর বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মিতুর মনোমালিন্য ও অভিমান হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর জেরেই মিতু আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
কেকে/সাশ