কেন্দ্রীয় ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা এবং দায়িত্ব অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের শীর্ষ ৯ জন নেতাকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ পাঠিয়েছে মৌলভীবাজার জেলা যুবদল।
কারণ দর্শানোর নোটিশের বিষয়টি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্য, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রূমন আলী ও সদস্য সচিব মীর খালেদুর রহমান।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত-এর নির্দেশক্রমে দপ্তর সম্পাদক হাবিবুর বাশার স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জেলা যুবদল সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিসমূহ উক্ত নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিটে পালন করেননি। এ ধরনের আচরণকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দায়িত্ব অবহেলা উল্লেখ করে বলা হয়, এতে সংগঠনকে দুর্বল করা হয়েছে।
নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত জবাব আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কেকে/সাশ