ঢাকায় অবস্থিত এমআরভি (MRV) কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সংক্রান্ত সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যাংকক ও লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি সমস্যার কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে জানিয়ে দূতাবাস আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করেছে। পাশাপাশি সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, লিসবন বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঢাকায় থাকা এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় ভিসা ও নো-ভিসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সার্ভার দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানানো হবে।
সাময়িক এই সমস্যার কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে দুই বাংলাদেশি মিশন। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।
কেকে/সাশ