প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনই তাড়াহুড়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক রয়েছে এবং উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত পর্যায়েও সম্পর্ক রয়েছে।’
তবে এ দিনের আলোচনায় কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সফরের জন্য যথাযথ সময় দেওয়া প্রয়োজন। ভারতের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন সফর ও বৈঠকের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই তা অনুষ্ঠিত হবে।’
এ দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
কেকে/এআই