মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ পুশইন করা ৬ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১১ অক্টোবর) ভোরে তাদেরকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির চাপে ফেরত দিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি জানায়, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশী ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। শক্ত প্রতিরোধ করে বিজিবি। তাদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ ছিলেন।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিল্লাল হোসেন জানন, সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছ দিয়ে কয়েকজনকে বাংলাদেশী ভূখন্ডে আসতে দেখা যায়। সে সময় কুয়াশাচ্ছন্ন ছিল। গ্রামবাসীদের সহায়তায় বিজিবি টহলরত দলটি তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশী ভূখন্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিল। শক্ত প্রতিরোধ করে গ্রামের লোকজন নিয়ে বাংলাদেশ সীমান্তে অবস্থান করছিল বিজিবি।
এ দিকে সকাল সাড়ে ৮ টার দিকে ঐ ৬ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সীমান্তের গেট দিয়ে ভারতীয় সীমান্ত নিয়ে একটি অটো রিক্সায় তাদের তুলতে দেখা যায়। পরে অটো রিক্সাটি বিএসএফ ক্যাম্প ত্যাগ করে।
কেকে/এআই