বাংলা চলচ্চিত্রের শুরুর দিকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।
ষাটের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করা নাসিমা খান বাংলা ও উর্দু—দুই ভাষার সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। বাংলাদেশের চলচ্চিত্রের প্রাথমিক বিকাশের সময়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন।
১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। তাঁর বাবা মোহাম্মদ মাসুদ খান। তাঁদের পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামের উকিলবাড়ি। তাঁর দাদা খান বাহাদুর আবদুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯৪০-এর দশকে তাঁদের পরিবার লালবাগে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে।
অভিনেতা আনিসের উৎসাহ ও সহযোগিতায় নাসিমা খানের চলচ্চিত্রে আসার পথ তৈরি হয়। সে সময় ঢাকার চলচ্চিত্রে সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী ও চিত্রা সিনহার মতো অভিনেত্রীরা জনপ্রিয় ছিলেন।
১৯৫৯ সালে এ জে কারদারের পরিচালনায় ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাসিমা খানের। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত সিনেমাটিতে তিনি সহনায়িকাদের একজন ছিলেন। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও পুরস্কার অর্জন করে।
একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু ছবি ‘তানহা’য় অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন শবনম, সুমিতা দেবী ও লাহোরের অভিনেত্রী শামীম আরা।
১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন আনিস। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকমহলে পরিচিতি বাড়তে থাকে তাঁর।
নাসিমা খানের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।
বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ষাটের দশকের চলচ্চিত্রজগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন নাসিমা খান। তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/সাশ