বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ পারমানিক (৪১) নামে যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দুই দিন ঘরছাড়া থাকার পর বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। পরে অভিযুক্তরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে রেখে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নান্দুরা গ্রামের মজিদ মোড় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাসুদ ওই এলাকার ওয়াজেদ আলী পারমানিকের ছেলে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, বিশালপুর ইউনিয়নের ভাদার গ্রামের এক ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুদের বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি প্রতিপক্ষের পক্ষে দখল করে দেওয়ার জন্য নান্দুরা গ্রামের ফজলু (৫০), তার ছেলে মনির (২৫) ও নজরুল ইসলাম (৪৫)সহ কয়েকজন তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত দুই দিন ধরে অভিযুক্তরা মাসুদের বাড়ি ঘেরাও করে রাখেন। প্রাণভয়ে আত্মগোপনে থাকার পর রোববার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে মজিদ মোড় বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে হামলাকারীরাই রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাকে হাসপাতালে রেখে অভিযুক্তরা চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কেকে/সাশ