জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল লোক মিছিল নিয়ে এসে বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জি এম কাদেরের ভাষ্য অনুযায়ী, মিছিল নিয়ে আসা লোকজন তার বাসার সামনে জড়ো হয়ে হইচই করেন এবং তাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন। বাসার মূল ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।
জি এম কাদের বলেন, পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর পর মিছিলকারীরা চলে যান। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তিনি জানেন না। হামলাকারীরা তাঁকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলেও গালিগালাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে বা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে চেষ্টা চলছে।
কেকে/সাশ