মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে রাখা স্থাপনা ভেঙে দেওয়া হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ছয়জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম আকিব।
অভিযানে থানা পুলিশ, আনসার-ভিডিপির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ ও সহসভাপতি তানজির রহমান সোহাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের যানজট কমাতে এর আগে মাইকিং করে সরকারি জায়গা, রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় অভিযানে অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ ও রাস্তার ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়। কিছু স্থাপনা ভেঙেও ফেলা হয়। যারা নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাদের সে জন্য সময় দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। এ সময় ছয়জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যেসব ব্যবসায়ী এখনো তাদের অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নেননি, তাদের আগামী ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে রাস্তা ও ফুটপাত খালি না করলে বুলডোজার দিয়ে স্থাপনা উচ্ছেদ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিনের যানজট থেকে মুক্তি পেতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের প্রত্যাশা, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হলে বাজারে যান চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।
কেকে/সাশ