ফরিদপুরের সালথা উপজেলায় এ বছর ৪৬টি পূজামণ্ডপে উদ্যাপিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজাকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মণ্ডপগুলোতে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সালথা কেন্দ্রীয় পূজামণ্ডপের সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল ও যদুনন্দী পূজামণ্ডপের সভাপতি দিলীপ কুমার জানান, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলে জানান তারা।
উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সমীর সাহা বলেন, সালথার ৪৬টি পূজামণ্ডপে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম শেষ করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ‘পূজা উদ্যাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।
কেকে/সাশ