গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই গাজীপুর জেলা। এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরীর বাসন থানার দিঘীরচালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৬ অক্টোবর বিকেলে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনের মুঠোফোনে কল করে এক লাখ টাকা চাঁদা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মার্কেটে আগুন লাগিয়ে দেওয়া এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন মিলটন। এ ঘটনায় তিনি বাসন থানায় মামলা করেন।
পিবিআই জানায়, মামলাটি তদন্ত করতে গিয়ে জুয়েলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে পিবিআই জানায়, জুয়েল প্রায় সাড়ে পাঁচ বছর একটি পোশাক কারখানায় কাজ করেছেন। অনলাইন ক্যাসিনোয় জুয়া খেলে বিভিন্ন ব্যক্তির কাছে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত হন তিনি। পরে ওই মার্কেটের সামনে থাকা সাইনবোর্ড থেকে মুঠোফোন নম্বর সংগ্রহ করে চাঁদা দাবি করেন বলে পিবিআইয়ের ভাষ্য।
সংস্থাটির দাবি, চাঁদা দাবির পর ভুক্তভোগী বিকাশের মাধ্যমে প্রথমে তিন হাজার টাকা এবং পরে আরও দুই হাজার টাকা দেন। এরপরও তাঁর কাছে টাকা চাওয়া হচ্ছিল। সোমবার আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল বলে তদন্তে জানা গেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ ডিসেম্বর এই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আগের ওই অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেই নতুন করে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, চাঁদাবাজির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মার্কেট ও জনসমাগমস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রহরী নিয়োগসহ নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরামর্শ দেন তিনি।
কেকে/সাশ