‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই মূলনীতিকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগের সার্বিক ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, স্মারক আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাস্তবভিত্তিক মহড়া।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সমন্বিত কর্মসূচি অনুষ্ঠিত হয়
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ প্রমুখ।
সভায় গণমাধ্যমকর্মীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউএনও জিয়াউর রহমান বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো আকস্মিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে প্রশাসনিক স্তরের পাশাপাশি পারিবারিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্প ও ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো স্পর্শকাতর জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষা ও দ্রুত সাড়া দেওয়ার কৌশল আয়ত্ত করতে মাঠপর্যায়ের মহড়া ও বাস্তবমুখী প্রশিক্ষণ জোরদারের আহ্বান জানানো হয়।
কেকে/ এমএস