চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযথ মর্যাদায় রাণী ইলামিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাণী ইলামিত্র স্মৃতি সংসদের আয়োজনে সকাল ১০টায় নেজামপুর ইউনিয়নের রাওতাড়া ইলামিত্র স্মৃতি সংগ্রহশালার প্রবেশফটক থেকে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি শেষে সংগ্রহশালা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘নাচোলের রাণী’ চলচ্চিত্রের পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডাইমন্ড, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলম এবং অর্থবিষয়ক ম্যানেজার আজাহার আলী।
আলোচনা সভার আগে রাণী ইলামিত্রের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে রাণী ইলামিত্র স্মৃতি সংসদ ও এসেডো গণস্বাক্ষরতা অভিযানের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আগামী ১৮ অক্টোবর সংগঠনের পক্ষ থেকে রাণী ইলামিত্রের জন্মশতবার্ষিকী পালন করা হবে।
কেকে/এমএস