রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে বিভিন্ন অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহারের অভিযোগে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত মামলায় ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে ছয়জন এবং মাদক সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা-পুলিশের পৃথক অভিযানে মোট ১৩০ পিস ট্যাপেন্টাডল, ৬৪ পিস ইয়াবা, ১১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়।
এর মধ্যে রাজপাড়া থানা-পুলিশ বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৫২ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ সময় আরও ৭৮ পিস ট্যাপেন্টাডল ফেলে পালিয়ে যান এক ব্যক্তি।
চন্দ্রিমা থানা-পুলিশ মুশরইল বাগান এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেপ্তার করে। বেলপুকুর থানা-পুলিশ রেলগেট এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। অন্যদিকে শাহমখদুম থানা-পুলিশ ফুলতলা বাজার এলাকা থেকে ১১০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে। মতিহার থানা-পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে একজনকে আটক করে।
এদিকে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহমখদুম থানা-পুলিশ পবাপাড়ার থানার মোড় এলাকা থেকে ইমন সরদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে তিনটি জিমেইল অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত দুটি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।
কেকে/সাশ