ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই কর্মীর নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় সোহেল মিয়া (৩৫) নামের ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সে শ্যামগ্রাম গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে কিস্তির টাকা সংগ্রহের সময় সোহেল তার ওপর হামলা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে তার কাছ থেকে সংগ্রহ করা দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, “কিস্তির টাকা সংগ্রহের সময় তার প্রতিষ্ঠানের কর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত জসিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/সাশ