‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।’
তিনি আরও বলেন, ‘তাহিরপুর একটি হাওর ও পাহাড়ঘেরা উপজেলা। এখানে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের ঝুঁকি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।’
সভায় দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কেকে/সাশ