ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় টানা ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন প্রতিমা এবং পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়া এলাকার আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। পলাতক ব্যক্তির নাম তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়ার মসজিদপাড়ায় ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার মধ্যে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার মন্দিরটিতে চুরির ঘটনা ঘটে। মন্দিরের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণ ও রুপার অলংকার, প্রতিমা এবং প্রণামির বাক্সের টাকা নিয়ে যায়।
ঘটনার পর আখড়া পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষের করা মামলার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মালদারকেও গ্রেপ্তার করা হয়।
অভিযান চালিয়ে জারু মিয়ার বাড়ি থেকে স্বর্ণের কানের দুল, ইমিটেশনের মুকুট, বাঁশি, চাঁদ ও রুপার চেইন উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক তাজুল ইসলামের মসজিদপাড়ার ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন পিতল ও তামার প্রতিমা, পূজার সামগ্রীসহ চুরি হওয়া আরও মালামাল উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মন্দির থেকে চুরি হওয়া প্রতিমা ও মালামাল উদ্ধার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এআই