মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-র অংশ হিসেবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং চর আবদুল্লাহপুর নৌ-পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ নিগার সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, ‘মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জামের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’
কেকে/এআই