অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নেভাতে হয়, তা নিজ হাতে দেখালেন মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মো. মোতাকাব্বীর আহম্মেদ। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়ায় নিজেই আগুন নেভানোর কৌশল প্রদর্শন করে উপস্থিত ব্যক্তিদের সচেতন করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে মহড়ায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।
মহড়ায় মোতাকাব্বীর আহম্মেদ বলেন, ‘কোথাও দুর্যোগ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। পাশাপাশি স্থানীয়ভাবে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদেরও অবহিত করতে হবে, যাতে দ্রুত উদ্ধার ও দুর্যোগ মোকাবিলার কার্যক্রম শুরু করা যায়।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেরি না করে দ্রুত ফায়ার সার্ভিস অফিসে ফোন করতে হবে। সময়মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া গেলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমানো এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের বাস্তব ধারণা দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনসাধারণকে দুর্যোগের সময় সতর্ক ও প্রস্তুত থাকতে সহায়তা করবে।
কেকে/এআই