সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনে রেলওয়ের কাজের মান নিয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে রেলকোচের জানালার সংস্কার কাজ প্রত্যক্ষ করার পর চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অসন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘কে দেখছেন? আমি দেখার পর আপনার দেখার দায়িত্ব? এ কারখানায় রেলকোচ সংস্কার কাজ একেবারেই বন্ধ করে দেওয়া হোক। এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কার কাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’
পরিদর্শনকালে মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ তো ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলা ভরে কাজ করতেন?’
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাত্রীসেবার মান বৃদ্ধিতে সংস্কারকাজে ব্যবহৃত সামগ্রী ও কাজের গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি।
এ সময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় কর্মকর্তা শাহ সুফি নূর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এআই