বান্দরবানে দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে জেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময় বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলা প্রশাসন থেকে যেকোনো সংবাদের দ্রুত তথ্য পেতে এবং প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার চিত্র উঠে আসে। জেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘বান্দরবানের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন কাজ করে যাচ্ছে, আর এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
এ সময় সাংবাদিকরা বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জেলার উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরা এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে আনার বিষয়ে তাদের দায়িত্ব ও অঙ্গীকারের কথা জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান, সজীব কান্তি রুদ্র, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহসভাপতি মো.নাছিরুল আলম, নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এআই