চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কেরানীহাটে বাণিজ্য মেলা উদ্বোধন শেষে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীহাটের ‘সী ওয়ার্ল্ড’ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বাণিজ্য মেলা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
বাণিজ্য মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘গ্রামাঞ্চলের মা-বোনদের কেনাকাটার জন্য শহরে যাওয়া অনেক কষ্টকর। এলাকায় বাণিজ্য মেলার আয়োজনের ফলে সাধারণ মানুষ সহজেই ভালো ও উন্নতমানের জিনিসপত্র কেনাকাটার সুযোগ পান।’
এ সময় মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মেলার আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মেলায় যাতায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনা থাকবে বাসায় ও স্কুলে। বাণিজ্য মেলার কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার কোনো কারণ নেই।’
সিএনজিচালকদের মানববন্ধনে এমপি, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বাণিজ্য মেলা উদ্বোধন শেষে কেরানীহাট-বান্দরবান জেলা সড়ক দিয়ে পুরাণগড় এলাকার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাচালকদের একটি মানববন্ধনে অংশ নেন সংসদ সদস্য। এর আগে কয়েকজন দুষ্কৃতকারী চালকদের একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে চালকেরা মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত চালকদের উদ্দেশে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘সিএনজি চালক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে পরিবারের আহার জোগান। কষ্টার্জিত উপার্জনের বড় একটি অংশ গাড়ির মালিককে দেওয়ার পর তাদের হাতে খুব সামান্যই থাকে। এরপরও তাদের কাছ থেকে চাঁদা আদায় করা সম্পূর্ণ অন্যায়, অবিচার ও অনিয়ম।’
চালকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কেউ চাঁদা চাইতে এলে তাকে আটক রেখে পুলিশকে খবর দেবেন। আজ থেকে কোনো সিএনজিচালক ভাই কোনো প্রকার চাঁদা দেবেন না।’
নিজের অবস্থান তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘টাকাপয়সার প্রতি আমার কোনো লোভ-লালসা নেই। আমি এলাকাকে দিতে এসেছি, নিতে আসিনি। তাই আমার কাছে কোনো চাঁদাবাজের স্থান নেই। এমন কোনো লোককে আমার প্রয়োজনও নেই।’
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ
মানববন্ধনে উপস্থিত সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। এ সময় চালকদের ওপর হামলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
এ ছাড়া বাস, ট্রাক, হাইস, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় সব ধরনের যানবাহনের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এমপি জসিম উদ্দিন আহমেদ।
পরিবহন শ্রমিকদের নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
সংসদ সদস্যের নির্দেশনার পর সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম চালকদের আশ্বস্ত করে বলেন, ‘যেকোনো ধরনের সমস্যায় তারা সরাসরি থানায় যোগাযোগ করতে পারবেন। অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এআই