কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারীদের দমনে বিশেষ ও ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকে তিন জনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকৃতরা হলেন— নওদাপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মো. তামজিদুল ইসলাম (৩৪), মো. মুনতাজুল মণ্ডল (৫৪) ও কাচারিপাড়ার আশরাফুল ইসলাম ইমন (৪৩)।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তামজিদুলকে (মাদকসেবী) দুই মাসের কারাদন্ড ও ১০০ টাকা, মুনতাজুলকে (মাদক ব্যবসায়ী) ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা এবং আশরাফুলকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের আখড়া ও কেনাবেচার খবর পায় প্রশাসন। এরই প্রেক্ষিতে ইউএনও মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল ভেড়ামারা পৌর শহর এবং উপজেলার নওদাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে অসাধু চক্রটির মাদক কেনাবেচা ও সেবনের প্রমাণ পেয়ে ৩ জনকে আটক করা হয়।
অভিযান শেষে মোঃ আমিরুল আরাফাত বলেন, ‘মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের জিরো টলারেন্স নীতি ও এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে স্থানীয় সব নাগরিককে সচেতন থাকার এবং মাদকের যেকোনো তথ্যে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
কেকে/এআই