নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শাকিল পৌর সদরের কাছারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে দৌড়ে পালানোর চেষ্টা করায় গুলি তার শরীরে লাগেনি। পরে পাশের শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় হামলাকারীরা তাকে ধরে ফেলে। এরপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপায়। হামলাকারীদের একজনের মাথায় হেলমেট ও অন্যজনের মুখে মাস্ক ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে গুরুতর আহত অবস্থায় শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল ও ডা. নওশীন আলম প্রজ্ঞা।
খবর পেয়ে শাকিলকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এ সময় তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেন।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
কেকে/সাশ