নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন লালপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান ওরফে বাপ্পি (৪৮) এবং উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাপ্পি ও জিল্লুর রহমানকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআরবি-৫-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের উদ্ধার করা মাদকসহ লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এমএস