বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে পরিচালিত বিভাগীয় ক্রিকেট দলের মালামালবাহী কাভার্ড ভ্যান থেকে আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামাল, নগদ টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মো. মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের মো. সোহান রহমান (২৩), একই উপজেলার বারইপাড়া গ্রামের মো. রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের মো. শাহাদাত হোসেন (৫২)।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিসিবির অধীনে পরিচালিত বিভাগীয় ক্রিকেট দলের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। বুধবার (১৪ অক্টোবর) ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেন। পরে ভোর ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।
পেছনে থাকা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালককে জানান। পরে চালক গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। বিষয়টি গাড়ির মালিককে জানানোর পর তিনি রাজশাহীর উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন। নগরীর রাজপাড়া থানাধীন হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে পৌঁছে সংশ্লিষ্টদের চুরির ঘটনা জানান।
পরে কাভার্ড ভ্যান থেকে মালামাল নামানোর সময় দেখা যায়, বিসিবির বিভাগীয় ক্রিকেট দলের মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি লাগেজ চুরি হয়েছে।
এ ঘটনায় এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৬) করেন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানসহ গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে শাহাদাত হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ আট হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাকেস, চারটি প্লাস্টিকের বক্স, তালা ভাঙার কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী জেলায় দুটি, টাঙ্গাইল জেলায় দুটি এবং নাটোর জেলায় একটি মামলা রয়েছে। সোহান রহমানের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি এবং রুবেল আহমেদের বিরুদ্ধেও একই থানায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেকে/সাশ