গাজীপুরের কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে কাপাসিয়া প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুল হক, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, নুরুল আমিন সিকদার, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, এনটিভি অনলাইন প্রতিনিধি একলাস উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি শরীফ সিকদার, হাবিবুর রহমান হাবিব, মোজাম্মেল হকসহ স্থানীয় সাংবাদিকেরা।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের কর্মজীবন এবং কাপাসিয়ায় দায়িত্ব পালনকালে তার বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল হক, প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম ও নুরুল আমিন সিকদার।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে নাহিদুল হকের বিভিন্ন কার্যক্রম স্মরণীয় হয়ে থাকবে। তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানাতে গিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, কর্মজীবনে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে দায়িত্ব পালনকালে সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক দীর্ঘদিন স্মৃতিতে অমলিন থাকে। তারা নাহিদুল হকের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে দোয়া করা হয়।
কেকে/সাশ