শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এর অংশ হিসেবে ঢাকা রেঞ্জাধীন ১৩টি জেলার ৮ হাজার ৩১টি পূজামণ্ডপে ৫১ হাজার ৪৪২ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫-২২ অক্টোবর পর্যন্ত টানা দিন তারা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের ব্রিফিংকালে এসব তথ্য জানানো হয়।
ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনীন নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগন পূজামণ্ডপের ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে সদস্যদের দায়িত্ব বণ্টন করেছেন। পরিকল্পনা অনুযায়ী, অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে আটজন এবং সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও উৎসব উদযাপনে শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে ঢাকা রেঞ্জের ১৩ টি জেলায় আনসার ব্যাটালিয়নের ২৯টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি দলে বিভিন্ন পদবির ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্য থাকবেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন তারা।
ব্রিফিংয়ে আসাদুজ্জামান গনী সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারী, শিশু ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন।
দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করার পাশাপাশি শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার বিষয়েও আসাদুজ্জামান গনী গুরুত্ব দেন।
তিনি জানান, জরুরি পরিস্থিতিতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত দায়িত্বস্থল পরিদর্শন ও তদারকি করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করাই এ নিরাপত্তা প্রস্তুতির মূল লক্ষ্য।
নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে সমন্বিত ডিজিটাল নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান ও পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অ্যাপে অ্যান্ড-ইউজার হিসেবে দায়িত্ব পালনকারী সদস্যদের যেকোনো উসকানি, গুজব, অপপ্রচার বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য, ছবি ও ভিডিও দ্রুত আপলোড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন প্রমুখ।
কেকে/এমএ