ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের সকল জামে মসজিদ ও পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাপুর প্রবাসী রাজীব হোসাইন সাদ্দামের বাবা আলহাজ জিন্নাহ খান নগদ অর্থ বিতরণ করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কেশরগঞ্জ বাজারে সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে এ সব অর্থ বিতরণ করা হয়।
পুটিজানা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী রাজীব হোসাইন সাদ্দামের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ১১৮টি মসজিদ ও ২১টি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়াও পুটিজানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কার, গরীব অসহায় মানুষকে অর্থ দিয়ে সহায়তা করা, খেলাধুলায় বিভিন্ন সংগঠনে অনুদান, বিভিন্ন সময় চক্ষুশিবির ও বিনামূল্যে চিকিৎসা শিবির ও রক্তদান কর্মসূচি আয়োজন করে আসছেন।
সাদ্দামের বাবা জিন্নাহ খান বলেন, ‘সাদ্দাম হোসেন এলাকায় এসে বিভিন্ন উন্নয়ন,অসহায় মানুষকে দান, মসজিদ ও মন্দিরে অনুদান অনেক টাকা দেওয়াতে আমি বিস্মিত হয়ে বলেছিলাম বাবা তুমি এত টাকা খরচ কর কেন? সাদ্দাম বলেছিল বাবা আমার কোম্পানিতে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। আমার এলাকায় যদি আমি কিছু টাকা মানুষের উপকারের খরচ করি আমার কিছু হবে না। এরপর থেকে আমি সাদ্দামের কাজে আরও উৎসাহিত হই। সবাই আমার ছেলে সাদ্দাম হোসেনের জন্য দোয়া করবেন, এটাই আমার চাওয়া।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিঙ্গাপুরে সাদ্দাম হোসেন তার কোম্পানিতে আমাদের এলাকার ১০০ জনের মত লোক নিয়ে গেছে। সেখানে সুন্দরভাবে কাজ করছে এবং জীবন যাপন করছে। সাদ্দাম খান প্রতিমাসের ৮ তারিখ বেতন দিয়ে দেয়। এ পর্যন্ত শুনি নাই সাদ্দাম খান বেতন নিয়ে নয়-ছয় করছে। প্রবাসী সন্তানদের দেশে পরিবারের লোকজন সুখে আছে।
কেকে/এআই