গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক মাদক মামলার এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রামদা, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা পুলিশ ফাঁড়িতে প্রবেশ করে। এ সময় তারা ফাঁড়ির দরজা ভেঙে আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার একপর্যায়ে ফাঁড়িতে ভাঙচুর চালানো হয় এবং আশপাশের বিভিন্ন স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র হাতে ৪০-৫০ জনের একটি দল পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাচ্ছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা যায়। তবে হামলাকারীদের প্রকৃত সংখ্যা ও ঘটনার বিস্তারিত পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
ওসি আরও জানান, আটক দুজনকে ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
কেকে/এআই