আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। ‘আজকের উদ্ভাবন আগামী সমৃদ্ধি’ প্রতিপাদ্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ আলোচনা সভায় খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কৃষিপ্রযুক্তির উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদনব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
বিশ্বব্যাপী ক্ষুধা দূর করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা বাড়ানোর বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।
এ ছাড়া খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষি খাতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলাও দিবসটির অন্যতম লক্ষ্য।
কেকে/ এমএস