শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
জাতীয়
দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি ও দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

পরিকল্পনা অনুযায়ী, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা ১ হাজার ১১৯টি এবং দুর্গম ও দূরবর্তী এলাকার ১৮৩টি পূজামণ্ডপ নিরাপত্তা পরিকল্পনার আওতায় থাকবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি মুখ্য ভূমিকা পালন করবে। অন্য এলাকায় প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে পূজামণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন ও রেকি করা হয়েছে। যাতায়াতের পথ, স্থানীয় পরিবেশ ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে। দুর্গম ও দূরবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা সহায়তা সহজ করতে ১৮টি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রিঅ্যাকশন ফোর্সসহ (কিউআরএফ) প্রয়োজনীয় সহায়তা প্রস্তুত রাখা হচ্ছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ সহজ হবে। প্রস্তুতি যাচাইয়ে মহড়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ইতিমধ্যে বিজিবির সদর দপ্তর ও মাঠপর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ঢাকা মহানগরীতে বিজিবির দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। এ ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি রয়েছে।

পূজার সময় গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। পুরোনো ছবি, অসম্পূর্ণ ভিডিও কিংবা যাচাই না করা বক্তব্য থেকে ভুল বোঝাবুঝি ও উদ্বেগ তৈরি হতে পারে। তাই সংবেদনশীল তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প, পুলিশ বা স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ আগেই জানানোর অনুরোধ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, প্রযোজ্য আইন ও অনুমোদিত নির্দেশনা অনুসরণ করে সদস্যরা দায়িত্ব পালন করবেন। মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা, সংযম, সৌজন্য ও সহমর্মিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজিবির বক্তব্যে বলা হয়েছে, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। প্রতিটি পরিবার যেন নিশ্চিন্তে উৎসবে অংশ নিতে পারে, শিশুরা আনন্দে পূজামণ্ডপে যেতে পারে এবং প্রবীণেরা নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পারেন, সে লক্ষ্যেই সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের প্রবেশ এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে প্রায় ২ হাজার ৮৬ কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে মাদকদ্রব্য, স্বর্ণ, বস্ত্র, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য রয়েছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে ২ কোটি ৬০ লাখের বেশি ইয়াবা, ৪০ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, প্রায় ১৬ হাজার কেজি গাঁজা, ৯ কেজি হেরোইন, ২৮ হাজার বোতল ফেনসিডিল ও অন্যান্য মাদক জব্দ করা হয়েছে। এসব মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোট ১ হাজার ৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবির বক্তব্যে বলা হয়েছে, মাদকের প্রতিটি চালানের সঙ্গে তরুণদের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। এ উপলব্ধি থেকেই সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১ হাজার ৯৫৭ জন

অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে একই সময়ে ৭৮টি পিস্তল, ৭টি রাইফেল, একটি এসএমজি, ৭টি গ্রেনেড, ১২টি মাইন এবং ৩ হাজার ২১৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১ হাজার ৯৫৭ জনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

মানবপাচার প্রতিরোধে নারী ও শিশুসহ ৪২ জনকে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২০ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

১৮২ ঘটনায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত

জোরপূর্বক পুশ-ইনের অপচেষ্টা মোকাবিলায়ও বিজিবি দৃঢ়তা, সংযম ও পেশাদারত্ব বজায় রেখেছে বলে জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ২৩টি সীমান্তবর্তী জেলায় ১৮২টি ঘটনায় ১ হাজার ২৭৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত নজরদারি, টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সার ও জ্বালানি তেল পাচার প্রতিরোধে নজরদারি

কৃষি উৎপাদন ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সার, জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযানে প্রায় ১৫৮ মেট্রিক টন রাসায়নিক সার, প্রায় ১ লাখ ২ হাজার লিটার জ্বালানি তেল এবং প্রায় ১৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা আরও কার্যকর করতে আধুনিক নজরদারি সরঞ্জাম, ড্রোন ও রাতের পর্যবেক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী মানুষের চিকিৎসাসেবা, তরুণদের দক্ষতা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবির বক্তব্যে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা, দেশের অর্থনৈতিক স্বার্থ এবং মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় বাহিনীটি দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা অব্যাহত রাখবে। এ প্রচেষ্টায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সহযোগিতার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদ্‌যাপিত হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে বিজিবি। সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন ও পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close