মোটরসাইকেলের পেছনে আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য মোটরসাইকেল মালিকদের আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
শুক্রবার (১৬ অক্টোবর) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট লাগানোর ব্যবস্থা মালিকদের নিজেদের উদ্যোগেই করতে হবে। এ ক্ষেত্রে প্লেটের আকার, উপাদান, রং ও অক্ষরের ধরন নির্ধারিত মান অনুযায়ী হতে হবে।
স্কুটারের নম্বরপ্লেটের নিয়ম
স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার। প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।
অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নির্দেশনা
স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরের ধরন উল্লেখ করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন নিশ্চিত করতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ