দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে টানা পাঁচ দিনের ছুটি। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে জরুরি সেবা, হাসপাতালসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের ছুটির মধ্যেও দায়িত্ব পালন করতে হবে।
২০২৬ সালের সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। পাশাপাশি ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে।
ছুটি শুরুর আগে সোমবার (১৯ অক্টোবর) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ছুটিকে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে।
ছুটির মধ্যেও অফিস করতে হবে যাদের
সরকারি ছুটি চলাকালে জনসাধারণের জরুরি সেবা সচল রাখতে কয়েকটি খাতের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। ছুটির আওতার বাইরে থাকবেন—
জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা:
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা।
হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার কর্মীরা:
হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে নিয়োজিত কর্মীরা:
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীদের পাশাপাশি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কাজে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিস:
জরুরি কার্যক্রম চালু রাখার স্বার্থে সংশ্লিষ্ট অফিসগুলোতে কাজ চলবে।
ছুটির সময় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে, আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বেসরকারি প্রতিষ্ঠানে ছুটির নিয়ম
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
তাই সরকারি ছুটি থাকলেও সব প্রতিষ্ঠানের কর্মীরা একইভাবে ছুটি পাবেন, এমন নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
কেকে/ এমএস