বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা, শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কেএম মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের জাতীয় সংসদ ভবন (ন্যাশনাল ডায়েট বিল্ডিং)-এ অবস্থিত তারো আসোর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে দুই বিশিষ্ট ব্যক্তির মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করার গুরুত্ব উঠে আসে।
সাক্ষাতের সুযোগ দেওয়ায় তারো আসোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন কেএম মোজিবুল হক। একই সঙ্গে জাপানের রাজনীতি ও জনজীবনে তারো আসোর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
উল্লেখ্য, তারো আসো জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাপান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন।
কেকে/এমএস