যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জ্বালানি সংকট মোকাবেলায় বায়োগ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগির খামার রয়েছে। এসব খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্লাণ্ট স্থাপনে দেশের জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব।’
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়ায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পেয়ে গ্রামের যুবক মো. মাহবুবার রহমান বকুল পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্লান্টটি স্থাপন করেন।
এ সময় তিনি বলেন, ‘একই সঙ্গে তরুণ ও নারীরা বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। উৎপাদিত গ্যাস আশপাশের বাড়িতে সরবরাহ করেও তারা মুনাফা অর্জন করতে পারবেন।’
যুবকদের অগ্রধিকার দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এসব কর্মসূচি আগে থাকলেও তা জনগনের কাছে বিষয়টি পরিস্কার ছিল না। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কর্মসংস্থান সৃষ্টিতে এসব কর্মসূচি বাস্তবায়নে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৈয়দপুর কোনো পিছিয়ে পড়া উপজেলা নয়। বর্তমান সরকার খেলাধুলাকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে কাজ শুরু করেছে। এর মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করতে। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার খেলাধুলা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা নামে একটি নতুন বই পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে। পাঠ্যপুস্তকে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা সম্ভব হবে। আগামীর বাংলাদেশ যাদের ওপর নির্ভর করছে, সেই প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।’
সভায় নীলফামারী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, নীলফামারী যুব উন্নয়নের উপ-পরিচালক মো. দিলগীর আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী এসএম ওবায়দুর রহমান, উপকারভোগী মো. মাহবুবার রহমান বকুল প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ বান্ধব ও জ্বলানি সাশ্রয়ী বায়োগ্যাস প্লান্ট স্থাপনকারী পাঁচজনকে ঋণের চেক প্রদান করেন।
কেকে/এআই