রোববার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী      ● ফ্যাসিবাদ রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানা ছুটির ঘোষণা      ● রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফলাফল বিপর্যয়      ● হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৫২      ● এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল      ● এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী      
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে তেল আবিবে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে প্রধান বিরোধী দলকে আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটিই হয়তো দেশটিতে ‘প্রকৃত পরিবর্তনের শেষ সুযোগ’। বিক্ষোভকারীদের কেউ কেউ নেতানিয়াহুকে ‘বড় চালবাজ’ বলেও আখ্যা দেন। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

ইসরায়েলের প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোট এর আগে দেশটির আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে মঙ্গলবারের নির্বাচনের পর নতুন করে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় আরব দলগুলোর সমর্থন পেলে তার পক্ষে সরকার গঠন করা সম্ভব হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ শনিবার রামাল্লা থেকে জানান, মানুষ নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের পথ খুঁজছে। তাদের বিশ্বাস, গাদি আইজেনকোট ও অন্য ইহুদি-ইসরায়েলি নেতাদের সাধারণ মানুষের এই জোরালো দাবি বিবেচনায় নেওয়া উচিত।

নূর ওদেহ আরও জানান, বিক্ষোভের পাশাপাশি পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন নেতানিয়াহুর সমর্থকেরাও। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘তথাকথিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ইসরায়েলে কোনো সরকার গঠন করা যাবে না।’

মঙ্গলবারের নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

তবে নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আরব নেতৃত্বাধীন তিনটি দল। একজোট হয়ে তারা মোট ১৯টি আসনে জয় পেয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ‘রাআম’ এবং আরব নেতৃত্বাধীন তিন দলের জোট ‘জয়েন্ট লিস্ট’ প্রায় ৮ লাখ ৪০ হাজার ভোট পেয়েছে। ২০২২ সালের শেষ নির্বাচনের তুলনায় এই ভোটের সংখ্যা প্রায় ৬৪ শতাংশ বেশি।

আরব দলগুলোর সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে। তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে অনেকের কাছে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়টি এখনো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

এদিকে নেতানিয়াহু ফিলিস্তিনি-ইসরায়েলি দলগুলোর বিরুদ্ধে কাতার থেকে অর্থ নিয়ে নির্বাচন ‘চুরি’ করার চেষ্টার অভিযোগ তুলেছেন। তবে কাতার এ অভিযোগ অস্বীকার করে একে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে অভিহিত করেছে।

সাংবাদিক নূর ওদেহ জানান, ইসরায়েলের চরম ডানপন্থি গোষ্ঠীগুলো ফিলিস্তিনি-ইসরায়েলিদের ঐতিহাসিক ভোট দেওয়ার ঘটনাকে ‘নির্বাচনি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিচ্ছে। এমনকি তারা একে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে তুলনা করছে। ওই দিন হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০-এর বেশি মানুষকে হত্যা এবং শতাধিক ব্যক্তিকে জিম্মি করে নিয়ে যায়।

নূর ওদেহ আরও বলেন, ফিলিস্তিনি-ইসরায়েলিদের ভোট ও রাজনৈতিক কণ্ঠস্বর এখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কারণ, আইজেনকোট সরকার গঠন করতে পারবেন কি না, তা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন আরব দলগুলোর হাতে রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নেতানিয়াহু   তেল আবিব   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close