খুলনা নগরীর লবণচরা থানার দরগাপাড়া এলাকায় শহিদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কলিন স্থানীয় মাহাতাব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। এরপর তিনি পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/ এমএস