রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
বিনোদন
৬১-এ ‘কিং খান’, সময় বদলায়, শাহরুখের জাদু নয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেউ তাকে ভালোবাসেন রোমান্টিক নায়ক হিসেবে, কেউ আবার অ্যাকশন হিরো হিসেবে। কারও কাছে তিনি পর্দার বাদশাহ, কারও কাছে স্বপ্নের নায়ক। প্রজন্মের পর প্রজন্মের দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া শাহরুখ খান যেন নিজেই বলিউডের এক আলাদা অধ্যায়। নতুন তারকারা আসছেন, সিনেমার গল্প ও নির্মাণশৈলী বদলাচ্ছে; কিন্তু শাহরুখের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। 

আজ সোমবার (২ নভেম্বর), ৬১ বছরে পা দিলেন বলিউডের এই ‘কিং খান’।

১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম শাহরুখের। ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক। সেই শুরু, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে কখনো প্রেমিক, কখনো প্রতিশোধপরায়ণ চরিত্র, কখনো দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, আবার কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো হয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি।

শুরুতে অবশ্য শাহরুখের পরিচয় ছিল কিছুটা ভিন্ন। ‘বাজিগর’, ‘ডর’ ও ‘আনজাম’-এর মতো সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। পরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাকে রোমান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। এরপর ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয়ের বৈচিত্র্য তুলে ধরেছেন। 

শাহরুখের জনপ্রিয়তার বড় অংশজুড়ে রয়েছে তার পর্দার উপস্থিতি। দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর সেই চেনা ভঙ্গি, সংলাপ বলার নিজস্ব ধরন কিংবা চোখের অভিব্যক্তি—সব মিলিয়ে তৈরি হয়েছে আলাদা এক ‘শাহরুখ-ঘরানা’। তার সিনেমার সংলাপ যেমন দর্শকের মুখে মুখে ফেরে, তেমনি ব্যক্তিত্ব ও ভক্তদের সঙ্গে যোগাযোগের ধরনও তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

ক্যারিয়ারের সাম্প্রতিক অধ্যায়েও রয়েছে সাফল্যের গল্প। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে হাজির হয়ে নতুন প্রজন্মের দর্শকের কাছেও নিজের আবেদন ধরে রেখেছেন তিনি। ফলে বয়স বাড়লেও পর্দায় তার উপস্থিতি যে কমেনি, সাম্প্রতিক কাজগুলো তারই প্রমাণ।

এবারের জন্মদিনেও ভক্তদের জন্য রয়েছে বিশেষ উপহার। নিজের ৬১তম জন্মদিনের প্রথম প্রহরে আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ করেছেন শাহরুখ। গানটিতে তার সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর কণ্ঠের পাশাপাশি গানটিতে ইংরেজি র‍্যাপ করেছেন এড শিরান। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ আরও অনেকে

সময়ের সঙ্গে বলিউডে এসেছে বহু তারকা, বদলেছে দর্শকের পছন্দ, সিনেমার ভাষা ও গল্প বলার ধরন। কিন্তু শাহরুখ খানকে ঘিরে উন্মাদনা এখনো অটুট। তার দীর্ঘ অভিনয়জীবন, অসংখ্য জনপ্রিয় সিনেমা আর দর্শকের সঙ্গে গড়ে ওঠা আবেগের সম্পর্ক তাকে শুধু একজন অভিনেতা নয়, বরং বলিউডের সাংস্কৃতিক পরিচয়ের অংশ করে তুলেছে।

৬১ বছরে পা দিয়েও নতুন চরিত্র, নতুন সিনেমা আর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ। তাই ভক্তদের কাছে তার জন্মদিন কেবল একজন তারকার বয়স বাড়ার দিন নয়; বরং প্রিয় নায়কের সঙ্গে স্মৃতি, ভালোবাসা আর নতুন প্রত্যাশা উদযাপনের উপলক্ষ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শাহরুখ খান   বলিউড   জন্মদিন   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close