পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী রাসেল মাহমুদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বজন ও এলাকাবাসী। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন তারা।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারে শীলার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গাবালী থানার সামনে অবস্থান নেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শীলার স্বামী রাসেল মাহমুদের বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। দুপুর ২টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন তাঁরা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ। নিহতের ছোট ভাই রাইসুল ইসলাম কমল বাদী হয়ে মামলাটি করবেন বলে জানানো হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গত শুক্রবার উপজেলার বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে শীলার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী রাসেল মাহমুদের দাবি, শীলা আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের সন্দেহ, তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
নিহত শীলার বাবা প্রয়াত সাজাদুল ইসলাম শামীম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর স্বামী রাসেল মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
কেকে/সাশ