সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      
জাতীয়
আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, এখন আরেক দল জুলাই চেতনা নিয়ে করছে : ধর্মমন্ত্রী
মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চান না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে, এখন আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে। আমরা কোনো চেতনা নিয়ে ব্যবসা করতে চাই না, বরং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চাই।’

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজস্ব তহবিল থেকে মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীও একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন দেশপ্রেমিকের সন্তান। তার জন্য আপনারা দোয়া করবেন।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কায়কোবাদ বলেন, ‘আমি ও আমার পরিবার প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। চিকিৎসার জন্য তিনি আমাকে অনেক দিন সময় দিয়েছেন। তিনি এমন একজন মানুষ, যিনি সবসময় বাংলাদেশের গরিব, অসহায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কাজ করেন। দেশের মানুষের কল্যাণে তার এই নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।’

প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এটি করেছেন জনগণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানি, বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রবাসী কার্ডের মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি তিনি নতুন করে হাতে নিয়ে বাস্তবায়নের কাজ শুরু করেছেন। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতার ব্যবস্থাও করেছেন। মাত্র আট মাসে তিনি এতগুলো উদ্যোগ বাস্তবায়নের কাজ করেছেন। দেশের মানুষের উচিত তার জন্য দোয়া করা।’

অনুদান বিতরণের বিষয়ে কায়কোবাদ বলেন, ‘আজ মুক্তিযোদ্ধা ভাইদের জন্য আমার নিজস্ব তহবিল থেকে পাঁচ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের জন্য আরও পাঁচ লাখ টাকা উপহার দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ অর্থ যথাযথভাবে উপকারভোগীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন। আমি চাই, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়াক।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, ‘যারা বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আন্তরিকভাবে কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছেন সেই উদ্যোগকে পূর্ণতা দান করতে আপনারা ভূমিকা রেখেছেন। এ কর্মসূচিতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন, তাদের উৎসাহিত করতে যথাক্রমে ১০ হাজার, সাত হাজার ও পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। ভালো কাজের স্বীকৃতি দিলে মানুষ আরও বেশি উৎসাহিত হয়। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা চাইলে মুরাদনগরের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে পারেন। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়টি আপনারা গণমাধ্যমে তুলে ধরবেন। এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশের শিক্ষকরা আমাদের গুরু। আপনাদের হাতে-পায়ে ধরে অনুরোধ করছি, শিক্ষার মান বাড়াতে হবে। মুরাদনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক ফলাফল দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। এ ধরনের ফলাফল কোনোভাবেই প্রত্যাশিত নয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই কিংবা তিনবার খারাপ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও বাতিলের জন্য আমরা সুপারিশ করব। সরকার থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করবেন, কিন্তু শিক্ষার্থীদের ফলাফল ভালো হবে না, তা তো হতে পারে না। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করানো নয়, শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব। আমাদের ভাইয়েরা অনেক আশা নিয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠান। সেই প্রত্যাশার প্রতিফলন শিক্ষার্থীদের ফলাফলে থাকতে হবে।’

নিজের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘আজ আমি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছি, যেখানে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা পড়াশোনা করতে আসে। আমি তাদের পড়াশোনার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। কোনো শিশু যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

নিজেকে মন্ত্রী নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চান উল্লেখ করে বলেন, ‘খাদেমকে মন্ত্রী বলবেন কেন? মন্ত্রী তো যেকোনো সময় চলে যাবে। কিন্তু কায়কোবাদ যতদিন বেঁচে আছে, ততদিন আপনাদের পাশে থাকবে। আমি আপনাদের খাদেম। আমাকে কামলা হিসেবে আপনাদের পাশে রাখবেন। আপনাদের এই খাদেম আপনাদের অনেক ভালোবাসে। আপনাদের প্রতি ভালোবাসার টানেই চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে মুরাদনগরে চলে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থেকে আজীবন আপনাদের পাশে থাকতে পারি এবং মানুষের সেবা করে যেতে পারি।’

অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ওসি শফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান, সদস্যসচিব সুমন মাস্টারসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দিনের শুরুতেই ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত প্রতিভা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের ২য় বর্ষপূর্তি উদযাপনে অংশ নিয়ে শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের উৎসাহ দিতে নগদ অর্থ প্রদান করেন। ১ লাখ টাকা অনুদান দিয়ে ধর্মমন্ত্রী এ স্কুলকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   মুক্তিযুদ্ধ   ব্যবসা   জুলাই   চেতনা   ধর্মমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close